Sylhet Today 24 PRINT

একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তও সর্বোচ্চ

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জুলাই, ২০২৩

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে।

সেই সঙ্গে রেকর্ড হয়েছে একদিনে হাসপাতালে রোগী ভর্তিতেও। এদিন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৬ রোগী।

এ নিয়ে চলতি মাসের ৯ দিনে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হলো ৪ হাজার ৪৭৬ জন। আর এই সময়ে মৃত্যু হয়েছে ২৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রবিবার (৯ জুলাই) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন।

এ সময় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫১৬ জনকে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয় ৩২০ জনকে।

ডেঙ্গুর পিক সিজন বলা হয় বর্ষার এই মৌসুমকে। ঢাকার দুই সিটিতেই ডেঙ্গু প্রতিরোধে নানা ধরনের কার্যক্রমের কথা বলছেন কর্মকর্তারা। বিভিন্ন বাসাবাড়িতে এডিস মশার লার্ভার খোঁজে চলছে অভিযান।

ঢাকার পর সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম বিভাগে এখন রোগী যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু। এরপরই বা তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৭৫০ জন।

এর মধ্যে ঢাকার ৫৩ হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৯৬৮ জন। ঢাকা ছাড়া অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগী ৭৮২ জন।

চলতি বছরের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুনে। সে মাসে দেশে ৩৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫৬ জন।

পাশাপাশি চলতি বছর দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.