Sylhet Today 24 PRINT

আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০২৩

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আগামী বছরের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। পরীক্ষার আয়োজন হবে সব বিষয় পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে।

এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সিলেবাস প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, আগামী বছরের (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা হয়নি। পরের দুই বছর এই পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.