Sylhet Today 24 PRINT

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রচার না করার আহবান প্রধানমন্ত্রীর

বাসস |  ১০ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং এর চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে।’

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, তিনি সব সময় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। কারণ, এতে আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি।

তিনি আরও বলেন, ‘গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে।’

প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম অবশ্যই সরকারের সমালোচনা করবে এবং স্বাধীনতা ভোগ করবে, তবে তা যথাযথ দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার সাথে করা উচিত।

তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশের অগ্রযাত্রা (দায়িত্বহীন সাংবাদিকতার কারণে) আর বাধাগ্রস্ত হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা উপভোগ করার অধিকার সবার আছে। তবে তাদেরকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, ‘আপনারা অবশ্যই স্বাধীনতা উপভোগ করবেন। তবে আপনাদের দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতা দেখাতে হবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ন কবির খন্দকারও বক্তব্য দেন।

বিএফইউজে এবং ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন তাঁর সরকার বাক স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৪ বছরে সাংবাদিক সমাজ যে ধরনের স্বাধীনতা ভোগ করেছে এর আগে তা কখনোই করেনি।’

গণমাধ্যমকে যে স্বাধীনতা দেয়া হয়েছে তা দেশকে ডিজিটালে রূপান্তরে আরও সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি, এখন তার সরকার মূলত কর্মসংস্থান সৃষ্টির জন্যে বেসরকারি খাতে অনেক টিভি চ্যানেল ও সংবাদপত্রকে লাইসেন্স দিয়েছে।

প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের আমলে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর পরই সাংবাদিকদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে দেয়া হয়নি কারণ, তারা মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.