সিলেটটুডে ডেস্ক | ১০ জুলাই, ২০২৩
রাজধানীর মগবাজারের দিলু রোডের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন।
তিনি বলেন, দুটি ককটেল ছোড়া হলেও বিস্ফোরিত হয়েছে একটি। এতে একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়েছিল।
ঘটনাস্থলে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। বিস্ফোরিত ককটেলের চারপাশ বেঞ্চ ও ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। আবিস্ফোরিত ককটেলটি বালতি ভর্তি পানির ভেতরে রাখা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজার ইউনিট, সিটিটিসি, ডিবি, হাতিরঝিল ও রমনার থানা পুলিশের কর্মকর্তার কাজ করছে।
ডিএমপির তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রায়হান বলেন, মগবাজার এলাকায় একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এখন কী কারণে বিস্ফোরণ, কারা ঘটিয়েছে তা জানা যায়নি।
অবিস্ফোরিত ককটেল পরে নিষ্ক্রিয় করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।