Sylhet Today 24 PRINT

ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৩

উজরা জেয়া এবং ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব একটি প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় আসছে আজ মঙ্গলবার (১১ জুলাই)।

বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর এটাই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকা সফর।

উজরা জেয়ার ভারত ও বাংলাদেশ সফরের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার সন্ধ্যায় জানিয়েছিল, তিনি বাংলাদেশ সফরের সময় শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা–সংকট নিয়ে আলোচনা করবেন।

উজরা জেয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লিতে পৌঁছায়।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরকালে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পর আলোচনার এজেন্ডা ঠিক হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার দিনের সফরের তৃতীয় দিনে উজরা বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক মধ্যাহ্নভোজসভায় অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবেন।

এদিকে, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার পরিস্থিতি বাংলাদেশে আছে কি না, তা যাচাই করে দেখতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার (৯ জুলাই) থেকে ঢাকায় কাজ করছে। ঢাকায় ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে তারা প্রাথমিক ধারণা নিয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.