Sylhet Today 24 PRINT

প্রতিবেদনের ভিত্তিতে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে ইইউ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বাংলাদেশে সফররত ইইউ প্রতিনিধিদলের প্রধান রিকার্ডো চেলেরি মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

রিকার্ডো চেলেরি বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মিস্টার রিকার্ডো যেটা বলেছেন ওটাই আমার বক্তব্য।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলেরির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার (৯ জুলাই) ঢাকায় পৌঁছায়। দুই সপ্তাহের সফরে আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

এর আগে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসবভনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের মঙ্গলবারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইইউ-এর প্রতিনিধি দলে বাংলাদেশে সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.