Sylhet Today 24 PRINT

আমাদেরও এক দফা, নির্বাচন শেখ হাসিনার অধীনেই: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই।

বুধবার (১২ জুলাই) রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা চেয়ে বিএনপির ‘এক দফা’ ঘোষণার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এক দফা, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না।

কাদের বলেন, ‘বিএনপির খবর জানেন? তাদের এক দফা জানেন? এক দফা হলো, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দফা একটা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়।’

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নেতৃত্ব দেবেন। দেশের জনগণ যাকে ভালোবাসে, জনগণ যে নেত্রীর সততাকে, উন্নয়নকে পছন্দকে করে, যিনি সারারাত জেগে মানুষের কথা ভাবেন, আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না।’

‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে, শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে পছন্দ করে না।’

বিএনপি দেশের কোনো উন্নয়ন প্রকল্প চায়নি অভিযোগ করে কাদের বলেন, ‘শেখ হাসিনার অপরাধ তিনি দেশে উন্নয়ন প্রকল্প করছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক চেষ্টা করেছে। অনেক লোক আনার চেষ্টা করেছে। ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটের গিয়ে মারা গেছে। আরেকটা স্বপ্ন দেখেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনের কাদা পানিতে আটকে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। কোনো বাধা দেব না। কাউকে আক্রমণ করতে যাব না।’

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বিদেশি কূটনীতিকদের ঢাকা সফর প্রসঙ্গে কাদের বলেন, ‘ঢাকায় যারা বিদেশি বন্ধুরা এসেছেন, আপনারা চান ফ্রি ফেয়ার ইলেকশন (অবাধ ও সুষ্ঠু নির্বাচন)। আমাদেরও লক্ষ্য ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের সেই নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করব। খেলা চলবে নির্বাচন পর্যন্ত।’

সংলাপের সম্ভাবনা নাকচ করে কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে সংলাপ নয়। তাদের সঙ্গে আপস নয়। আমরা একাত্তরের চেতনার সঙ্গে আপস করতে পারি না।’

শান্তি সমাবেশ ৩টায় হওয়ার থাকলেও দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতা-কর্মীরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। রাজধানীর আশপাশের জেলা-উপজেলাগুলো থেকেও সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতে, কয়েক লাখ নেতা-কর্মী এ সমাবেশে যোগ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.