Sylhet Today 24 PRINT

ঢাকায় আগামী সাতদিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৩

ঢাকার রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কোথাও কোথাও রোববার (১৬ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। এজন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই (রোববার) সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.