Sylhet Today 24 PRINT

জাহাজের আটকাদেশ প্রত্যাহার, কয়লা খালাসে বাধা নেই রামপালে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৩

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে আটকাদেশ প্রত্যাহার করেছেন হাই কোর্ট। এর ফলে এই জাহাজে থাকা কয়লা খালাসে আর বাধা নেই। একটি জরুরি সম্পূরক কার্যতালিকা তৈরি করে শনিবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার সূত্রে জানা যায়, জাহাজে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা রয়েছে বিষয়টি জানার পর আদালত জাতীয় স্বার্থে আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া মামলার বাদী ও বিবাদী উভয়পক্ষ সমঝোতার আবেদন আদালতে দাখিল করবেন বলেও জানান তিনি। শনিবারের এ আদেশ দ্রুত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলেছেন আদালত। আদালতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বুধবার ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে একটি মামলায় আটকাদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি (অনাপত্তি সনদ) প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়।

এই জাহাজের নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্ট বিভাগে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী আটকাদেশ দিয়েছিলেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে, সেজন্য বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়।

কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র রামপালের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহিনোঙর হাড়বাড়িয়া ১১-তে ভেড়ানো রয়েছে জাহাজটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.