Sylhet Today 24 PRINT

ঢাকা-১৭ আসনে ১২-১৫ শতাংশ ভোট পড়েছে: ইসি

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ জুলাই, ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মো. আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৩ বা ১৪ থেকে ১৫ শতাংশ ভোট পড়েছে।’

এক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর বলেন, ‘ভোটাররা কেন যাননি, অনেকগুলো কারণ থাকতে পারে। অনুমান করে বলা ঠিক নয়।’

ইসি আলমগীর বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে, তার মানে নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। একজন স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিলেন। প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.