Sylhet Today 24 PRINT

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২৩

বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বলেন, 'রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে।

এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।'

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মূখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.