Sylhet Today 24 PRINT

তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই ৩২ মৃত্যুকে স্বাভাবিক বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

২৪ ঘন্টা সময়ের মধ্যে হাসপাতালে ডাক্তারদের তত্বাবধানে থাকা ৩২ মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির রিপোর্ট প্রকাশের আগেই এ 'অস্বাভাবিক মৃত্যু'র ঘটনাকে 'স্বাভাবিক' বলে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর ছাড়াও মন্ত্রণালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন দুই হাজার রোগী এ হাসপাতালে আসেন। এরমধ্যে ১২ থেকে ১৫ জনের মৃত্যু হয়। তবে হরতাল-অবরোধের কারণে অনেক রোগী দেরিতে শেষ আসছেন, সে কারণে মৃত্যুর ঘটনা বাড়তে পারে।

মৃত্যর ঘটনা স্বাভাবিক দাবির পক্ষে ব্যাখ্যা দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ ৩২ জনের মৃত্যুর কারণ তুলে ধরেন।

মহাপরিচালক জানান, গর্ভাবস্থায় শ্বাসকষ্টের কারণে চার শিশু, অপুষ্টি ও ব্লাড ইনফেকশনে তিন, কৃমি রোগে এক, ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুইজন শিশু মারা গেছে।

এছাড়া স্থানীয় দুই গ্রামের সংঘর্ষের কারণে পাঁচ, ব্রেন স্ট্রোক করে চার, হার্ট অ্যাটাক করে পাঁচজনের মৃত্যু হয়। আর ডায়াবেটিক, রক্তশূন্যতা, দুর্টনায় আটজনসহ আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

মহাপচিালক বলেন, তার পরেও আমরা মৃত্যুর ঘটনার খোঁজ নিচ্ছি। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

এছাড়া স্থানীয়ভাবেও একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মহাপরিচালক।

এদিকে নজিরবিহীনভাবে একই সঙ্গে এত মানুষের মৃত্যুর ঘটনাকে চিকিৎসক ও নার্সদের অবহেলাকে দায়ি করেছেন মৃতদের স্বজনেরা। 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.