Sylhet Today 24 PRINT

চাঁদের জামিন নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হওয়ার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ হাজিরা দেন তিনি।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। আজ শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.