Sylhet Today 24 PRINT

সংলাপ নিয়ে ইসির আপাতত ভাবনা নেই: আনিছুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০২৩

সংলাপ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপাতত কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলেও নির্বাচন কমিশন (ইসি) মনে করছে না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে ইসির এখতিয়ার নয়।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আনিছুর রহমান এসব কথা বলেন।

ইসি সংলাপের কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা কেন আর সংলাপের উদ্যোগ নেব? এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান হবে।’

যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। তবে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। যারা নির্বাচনে থাকবেন, তাদের প্রস্তুত হতে হবে। সময়ই বলে দেবে, যত সময় কমে আসবে, ততই প্রত্যেকে চাপের মধ্যে থাকবেন। তারাও থাকবেন, আমরাও চাপের মধ্যে থাকব। আর সময়ই সমাধান করে দেবে।’

নিবন্ধন না পেয়ে কয়েকটি দলের ইসি ঘেরাও কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘যারা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়নি, তাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.