Sylhet Today 24 PRINT

ভাষাবিজ্ঞানী আবুল কালাম মনজুর মোরশেদের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাষাবিজ্ঞানী আবুল কালাম মনজুর মোরশেদ মারা গেছেন।

মঙ্গলবার সকালের দিকে নাখালপাড়ায় নিজ বাসায় তিনি মারা যান।

মনজুর মোরশেদের জন্ম রাজশাহীতে। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। ২০০৩ সালে তিনি অবসরে যান।

আবুল কালাম মনজুর মোরশেদের প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘আধুনিক ভাষাতত্ত্ব’, ‘রবীন্দ্রনাথ, নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’, ‘নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’, ‘বাংলা ভাষাতত্ত্ব’, ‘বাংলা সম্বন্ধবাচক সর্বনাম : গঠন ও প্রকৃতি’ প্রভৃতি।

তিনি বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক অর্জন করেন।

মনজুর মোরশেদের মেয়ে মনজুলা মোরশেদ সংবাদমাধ্যমকে জানান, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুটি ক্লাস নিতেন। সকালে ক্লাস নেওয়ার কথা ছিল। কিন্তু শরীর খারাপ লাগায় যেতে পারেননি। ১১টার দিকে বাসায় শুয়ে ছিলেন। ১২টার দিকে বাসার সহকারী গোসলের জন্য ডাকতে গেলে কোনো সাড়া দেননি। গিয়ে দেখি তিনি আর নেই। ধারণা করছি তিনি স্ট্রোক করেছিলেন।

তিনি জানান, তার জানাজা বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.