Sylhet Today 24 PRINT

দেশ নিয়ে বিদেশিদের খেলতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই বিদেশি খেলোয়াড়দের বাংলাদেশে খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কথা উল্লেখ করে বলেন, “যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের দ্বারা আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি। আমরা এর রহস্য বুঝতে পারছি না। যারা স্বাধীনতাযুদ্ধে সমর্থন করেনি, তারা এখন বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে খেলা খেলতে চায়। খেলোয়াড়দের খেলতে দেওয়া যাবে না।”

মঙ্গলবার (২৫ জুলাই) ইতালিতে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, “তারা (বিএনপি) নির্বাচন চায় না। তারা তাদের কিছু বিদেশি প্রভুর পা চাটে এবং তারা চায় দেশের মানুষ তাদের (বিদেশি প্রভুদের) দ্বারা কষ্টভোগ করুক। তারা দেশের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।”

সরকারপ্রধান বলেন, “তাদের (বিএনপি) উদ্দেশ্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। তাই তাদের লক্ষ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি নির্বাচন চায় না। বরং দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির অপেক্ষায় রয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “তারা (বিএনপি) বাংলাদেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগেরও সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে আবারও তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়ে বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, “নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী হবে। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত হয়েছে, জনগণ তাদের ভোট দিতে যাবে কেন? অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যার পর কীভাবে তারা ভোট চায়?” সূত্র : বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.