Sylhet Today 24 PRINT

নারী উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রণোদনা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২৩

নারী উদ্যোক্তাদের দেওয়া ঋণ যথাসময়ে আদায় বা পরিশোধে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক প্রত্যেককে দেওয়া হবে ১ শতাংশ হারে বিশেষ প্রণোদনা।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সুবিধা প্রদান প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৪ ও ১৭ আগস্ট, ২০২২ সালের ২০ জুন, ২০২৩ সালের ২৫ জুন সার্কুলারের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদ বা মুনাফায় বিতরণকৃত ঋণ যথাসময়ে সমন্বয়, আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রণোদনার পরিমাণ হিসাবায়নে যেসব নির্দেশনা বা ব্যাখ্যা অনুসরণীয় হবে সেগুলো হলো, প্রণোদনার পরিমাণ হিসাবায়নের জন্য সকল নিয়মিত ঋণ বা বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারকাল বিবেচনা করতে হবে। কন্টিনিউয়াস বা রিভোলিং (সিসি, ওডি ইত্যাদি) ঋণ বা বিনিয়োগগুলো মেয়াদের মধ্যে পুনঃনবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে। বিরূপমানে শ্রেণিকৃত হলে ওই ঋণ বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সুবিধা প্রাপ্য হবে না।

আগের সার্কুলারগুলোতে নারী উদ্যোক্তাদের বিতরণকৃত ঋণ বা বিনিয়োগের বিপরীতে প্রণোদনা প্রদান সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.