Sylhet Today 24 PRINT

গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আপ্যায়নের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানায় ডিবি।

জানা গেছে, সোনারগাঁও হোটেল থেকে উন্নতমানের খাবার এনে ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন করা হয়। এরপর তাকে ডিবির একটি গাড়িতে করে ছেড়ে দেয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে সেভ করতেই মূলত ডিবিতে নিয়ে আসে হয়।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে অবস্থান নেয়ার কথা ছিল বিএনপির। তবে এর বদলে বেলা ১১টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এরপর শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। তবে রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি। রাতে ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এসএমএসে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে একথা জানানো হয়।

এরপর আওয়ামী লীগ কর্মসূচি থেকে সরে এসে ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থানের ঘোষণা দেয়। কিন্তু শনিবার সকাল থেকেই সড়কে অবস্থানের চেষ্টা করে বিএনপি। লাঠিসোঁটা হাতে সড়কে নামেন দলটির নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.