সিলেটটুডে ডেস্ক | ৩০ জুলাই, ২০২৩
প্রতীকী ছবি
সংসদ সদস্য আফসারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ; টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ উপনির্বাচনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। সিসি ক্যামেরায় পুরো নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি।
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটগ্রহণের জন্য ২ হাজার ১১০টি ইভিএম ব্যবহার করা হয়েছে। ৪ হাজার ১০৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৬২৮ জন পোলিং অফিসার।
১৫৬টি কেন্দ্রের মধ্যে ৯৫টি সাধারণ এবং বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে। সাধারণ কেন্দ্রগুলোতে ১৬-১৭ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭-১৮ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং এপিবিএনের সমন্বয়ে ৮ ওয়ার্ডে ৮টি মোবাইল ফোর্স থাকবে।
এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহল দল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের ২৪ জন পর্যবেক্ষক বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন। আশা করছি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও পাঁচলাইশের একাংশ) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।
এ আসেনর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ছয়জন প্রার্থী। তারা হলে- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. মহিউদ্দিন বাচ্চু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সামসুল আলম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া ও বেলুন প্রতীকে মো. আরমান আলী।
গত ২ জুন মারা যান আফসারুল আমীন।