সিলেটটুডে ডেস্ক | ৩১ জুলাই, ২০২৩
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ডিবি কার্যালয়ে খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রচারে দোষের কিছু দেখছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি বলেন বলেন, 'এটা গোয়েন্দাদের বিষয়... এটা রাজনৈতিক ব্যক্তিরা করেননি।'
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'যা সত্য সেটা আসছে। সেটা তো আর কিছু বলার নাই। ওরা সাজিয়ে দিয়েছে কি না ভিন্ন কথা। কিন্তু উনি তো রুই মাছ দিয়ে ভালো করে খেয়েছেন।'
একজন গোয়েন্দা প্রধানের দপ্তরে এরকম খাওয়া-দাওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'উনি কেন খেলেন? এত ক্ষুধা রাজনৈতিক নেতার। কিসের রাজনৈতিক নেতা। আমরা তো তিনদিনও খাই নাই।'
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে এক দফার আন্দোলনে নামা বিএনপি গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়েছিল।
নয়া বাজারে সেই কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গয়েশ্বর রায়। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধায় নয়া বাজারে দাঁড়াতে না পারার পর ধোলাইখালে তারা সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত অবস্থায় গয়েশ্বরকে তুলে নিয়ে যায় পুলিশ। চার ঘণ্টা পর তাকে নয়া পল্টনে দিয়ে আসে পুলিশ।
এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্ন ভোজের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।