Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের অবস্থান নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়: মার্কিন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।’

যুক্তরাষ্ট্র সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এ লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত পিটার হাস।

এর আগে বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান,আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

পিটার হাসের সঙ্গে তার একজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.