Sylhet Today 24 PRINT

লৌহজংয়ে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, নিখোঁজ ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছে। ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামের ডহুরী খালে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মতিন।

আবদুল মতিন জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। পদ্মা নদীতে ঘোরা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে বাল্কহেডের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৮ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, ‘৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবুরি টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.