Sylhet Today 24 PRINT

ধলাই নদীতে খাসিয়া নাগরিকের অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ সনাক্ত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.