Sylhet Today 24 PRINT

জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২৩

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা মো. আলতাফ সিকদার (৭২) ও মা মোছা. মর্জিনা বেগম (৫০)। তাদের রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরিবারটি জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টার বাড়িতে ভাড়া থাকে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আতাহারের শরীরের ৫০ শতাংশ, মুক্তার ৪৫ শতাংশ, আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক। এছাড়া মর্জিনার শরীরের ৫ শতাংশ ও আলতাফের ২ শতাংশ দগ্ধ হয়েছে। মর্জিনা ও আলতাফকে অবজারভেশনে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.