Sylhet Today 24 PRINT

লাখের নিচে এসেছে স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৩

স্বর্ণের দাম কমেছে। ভালো মানের স্বর্ণে দাম ভরিতে ১ হাজার ১৫০ টাকা কমায় দাম এসেছে লাখের নিচে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে।

বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম এখন থেকে বিক্রি হবে ৮ হাজার ৪৯০ টাকায় অর্থাৎ প্রতি গ্রামে কমানো হয়েছে ১৫০ টাকা। দেশের বাজারে অবশ্য বেশির ভাগ ক্ষেত্রে স্বর্ণ বিক্রি হয় ভরি হিসাবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা। এর আগের দাম অনুযায়ী এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হতো ১ লাখ ৭৭৭ টাকা। সেই হিসেবে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণেই দাম সমন্বয় করেছে বাজুস। শুধু ২২ ক্যারেট নয়, অন্য সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে নতুন ঘোষণায়।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা। অর্থাৎ প্রতি ভরি কিনতে গুনতে হবে ৯৪ হাজার ৫৯৫ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ৮১ হাজার ৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৩৪ টাকা।

সব ধরনের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবচেয়ে ভালো মানের রুপা প্রতি ভরি কিনতে আগের মতোই ১ হাজার ৭১৪ টাকা খরচ করতে হবে।

বাজুসের নতুন এই দাম কার্যকর হবে শুক্রবার থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.