Sylhet Today 24 PRINT

বিদেশে অপপ্রচার প্রতিরোধে মিশনগুলোকে নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৩

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাপ্তাহিক ক্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্যটি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতোমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’

সেহেলি সাবরিন বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে। আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষক অনুরোধ জানায়নি। তবে গত ৯-২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের আরও একটি প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারিকৃত নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.