Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া ওসিকে বদলি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চেয়ে ভাইরাল হওয়া নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ওসি ফারুক হোসেনের স্থলাভিষিক্ত করা হয়েছে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান শুক্রবার দুপুরে জানান, ওসি ফারুক হোসেনকে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে ওসিকে পুলিশ লাইনসকে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর জন্য ওসির ভোট চেয়ে দেয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। ওসির ওই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।

ভাইরাল হওয়া বক্তব্যে ওসিকে নাঙ্গলকোটের উন্নয়নের ক্ষেত্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। এরপর তিনি অর্থমন্ত্রীকে ফের নির্বাচিত করার আহ্বান জানান। ওই সময় অনেকেই ওসির বক্তব্য মোবাইলে ধারণ করেন। পরে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.