Sylhet Today 24 PRINT

ইলিশে সয়লাব বাজার, তবুও দাম চড়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২৩

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। বাজারও সয়লাব ইলিশ মাছে, কিন্তু দামে কোনো কমতি নেই। ক্রেতারা বলছেন, গত দুই দিনে কেজিপ্রতি ইলিশের দাম বেড়ে চলেছে।

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার অনুমতি মেলেছে জেলেদের। এখন সমুদ্র থেকে প্রচুর মাছ নিয়ে তীরে ফিরছেন জেলেরা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মাছের বাজারে বেশ হইচই। পাশাপাশি দাঁড়িয়ে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন। কেউ এক হাজার, কেউ ১২০০, আবার কেউ ১৪০০ টাকা বলছেন।

বাজারে পাইকারি ক্রেতার পাশাপাশি সাধারণ ক্রেতাদের আনাগোনাও আছে বেশ। কেউ দাঁড়িয়ে কারও করা দাম শুনছেন, আবার কেউ দাম করেই যাচ্ছেন। দামে মিলে গেলেই কিনছেন মাছ।

ইলিশ মাছের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রের মাছ এবং বরিশাল অঞ্চলের নদীর মাছ সমান হারে পাওয়া যাচ্ছে। যার ফলে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিন যত বাড়বে, মাছের দাম তত কমতেই থাকবে।

গতকাল যে মাছ ১৫০০ টাকায় বিক্রি করেছি সেটি আজ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। এভাবে সামনের দিনগুলোতে মাছের দাম আরও কমবে। তবে সমুদ্রের মাছের তুলনায় নদীর মাছের দাম একটু বেশিই রয়েছে। এখন বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী থেকে মাছ আসছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ীদের তথ্যমতে, ৫০০-৬০০ গ্রাম ওজনের মাছের কেজি ৬৫০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছের কেজি ৮০০-১০০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা এবং ১ কেজি বা এর অধিক ওজনের সাইজের মাছের কেজি ১২০০ থেকে ১৫০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.