Sylhet Today 24 PRINT

নির্বাচন নিয়ে বিদেশিদের এত মাথাব্যথা কেন, প্রশ্ন কাদেরের

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছর বিশ্বের ২০-২২টি দেশে নির্বাচন হবে। এ নিয়ে বড় বড় দেশের কোনো কথা নেই। কিন্তু বাংলাদেশকে নিয়ে এত মাথাব্যথা কেন?

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আজ এ মুহূর্তে ইকুয়েডর ও আর্জেন্টিনায় নির্বাচন হচ্ছে। এ বছর ২০-২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কারো কোনো কথা নেই। শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। কারণটা কী?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন এ অঞ্চলকে ঘিরে বিভিন্ন দেশের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। সেখানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে। ভারতের আছে, ওদিকে চীনও আছে।

বিএনপির মূল দাবি তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিদেশিদের কেউ কোনো কথা বলেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারত আমেরিকাকে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত জানিয়েছে। আমাদের কখনও বলেনি, ‘তোমরা এই করো, সেই করো, তত্ত্বাবধায়ক করো’। তারপর নির্বাচন পদ্ধতি কিংবা প্রধানমন্ত্রী পদত্যাগ করুক- এসব কথা আমেরিকাও বলেনি। বিএনপির দাবি- তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্বাচন কমিশন বাতিল। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কেউই এগুলো বলেনি।

তিনি বলেন, ‘বিএনপি যেসব দাবিতে গোঁ ধরে আছে- সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতও এ বিষয়ে কিছু বলেনি। আমি আমেরিকার রাষ্ট্রদূতকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, এসব বিষয়ে তাদের কোনো কথাই নেই। ইউরোপীয় ইউনিয়নও বলেনি যে- তত্ত্বাবধায়কের দরকার আছে। তাদের দেশে এটি নেই, দুনিয়ার কোথাও নেই।’

সেতুমন্ত্রী বলেন, কেন বাংলাদেশে, বাংলাদেশে কেন? আসল জায়গায় পারে না। নাইজারে কী করে আমরা দেখব। নাইজারের জান্তাপ্রধান বলে দিয়েছেন, আগামী তিন বছর এসব কথাবার্তা বলে লাভ নেই। তিন বছর পর দেখা যাবে। এখন আমরাও দেখবো, আমাদের দেশ নিয়ে যারা এত কিছু করে এবং এত কথা বলে- তারা নাইজারে কী করে!

আরেক প্রশ্নের তিনি বলেন, আমরা মনে করি, একজন রাজনীতিবিদের জীবনে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। সব চ্যালেঞ্জই অতিক্রমযোগ্য। ইনশাআল্লাহ, আমরা অতিক্রম করব। জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি- আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে।

মন্ত্রী জানান, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সড়ক দুঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেক ব্যক্তি ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.