সিলেটটুডে ডেস্ক | ২১ আগস্ট, ২০২৩
প্রতীকী ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ কোটি টাকা মূল্যমানের স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৩); তিনি বিমানের এয়ারক্রাফট মেকানিক। তার কাছ থেকে ৬৮টি গোল্ডবার (৭ কেজি ৮৮৮ গ্রাম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার (২১ আগস্ট) সকালে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রোববার রাত ১০টার দিকে বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে শফিকুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়। শফিকুলের বাড়ি খুলনার দৌলতপুর থানায়।
পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাদা পোশাকে গোয়েন্দা দল বিমানবন্দরের এপ্রোন সাইডে নজরদারি করছিল। সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি ৩৮৩ ঢাকায় অবতরণ করে। সকল কার্যক্রম শেষে বিমানটি রাতে সাড়ে ৯টার দিকে হ্যাংগারে নিয়ে যাওয়া হয়। বিমানটি হ্যাংগারের সামনে পার্ক করে রাখা হয়। বিমানের টেকনিশিয়ান, ক্লিনার এবং অন্যান্য স্টাফরা তাদের কাজ শেষ করে একে একে বিমান ত্যাগ করলেও বিমানটির দিকে নজর রাখছিল এপিবিএন।
তিনি আরও বলেন, বিমানের সব কার্যক্রম শেষ হওয়ার পর রাত ১০টার দিকে যখন বিমানে আর কেউ ছিল না, তখন খুবই দ্রুততার সঙ্গে বিমানের এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজে উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি নেমে আসেন। তার চলাচলের ধরন ও মুভমেন্ট দেখে সন্দেহ হয়। তিনি দ্রুততার সঙ্গে স্থান ত্যাগের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছে ৬৮টি গোল্ডবার পাওয়া যায়।