Sylhet Today 24 PRINT

নিপুণ রায়কে আত্মসমর্পণের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২৩

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

নিপুণকে দেয়া হাইকোর্টের আট সপ্তাহের জামিন শেষে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন তার বাবা আইনজীবী নিতাই রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরীকে গত ১ আগস্ট আট সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ সোমবার এ আদেশ দেয়।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়।

‘পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির কয়েকশত নেতা-কর্মী অবস্থান কর্মসূচি পালনের জন্য সড়কে জড়ো হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.