Sylhet Today 24 PRINT

যশোরে বগি লাইনচ্যুতির সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২৩

যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে সাড়ে ৭ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হলো। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর চারটার দিকে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর আশেপাশের স্টেশনে বেশ কিছু ট্রেন আটকে পড়ে।

লাইনচ্যুত বগি উদ্ধারের পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন যশোর স্টেশন থেকে ছেড়ে যায়। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোর চলাচলও শুরু হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।    

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

তিনি জানান, তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। বাড়ি থেকে বালতিসহ নানা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাকে কাজ করতে পারেননি না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.