Sylhet Today 24 PRINT

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২৩

ফাইল ছবি

কোনো মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।

এ সময় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী হাইকোর্ট হয় জামিন দেবেন, না হয় আবেদন খারিজ করবেন। কিন্তু আত্মসমর্পনের নির্দেশ দিতে পারবেন না। জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার কোনো বিধান নেই। আমরা দ্রুতই আদেশ নামানোর পর সার্কুলেট করার চেষ্টা করবো।

তবে সৈয়দ আশফাকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এর আগে বিচারপতি খায়রুল হক এক রায়ে বলেছিলেন হাইকোর্ট আত্মসমর্পণের আদেশ দিতে পারবেন না। তবে এই মামলাটির সঙ্গে ওই মামলার মিল নেই। তা ছাড়া ওই রায়ের পর এ রকম আদেশ শত শত হয়েছে হাইকোর্ট থেকে। আজ রোববার আপিল বিভাগ আগের রায়ের বিষয়টি উল্লেখ করে মৌখিক বলেছেন। লিখিত আদেশ না পেলে তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। তাই এজন্য লিখিত আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.