Sylhet Today 24 PRINT

বিবৃতিদাতারা এসে ইউনূসের মামলার দলিল দেখুক: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন। ছবি: সংগৃহিত

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে শতাধিক নোবেলজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতার বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বিবৃতি দিয়েছেন তাদের আহ্বান জানাই, বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ পাঠান, আইনজীবী পাঠান। দলিল দস্তাবেজ, কাজগপত্র ঘেঁটে দেখুন, অন্যায় আছে কি না। তারা মামলার দলিল-দস্তাবেজ দেখুক।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের ওপর তিনি বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন ‍শুরু করেন।

সরকারপ্রধান বলেন, ‘নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকলে (ড. ইউনূস) আন্তর্জাতিক অঙ্গনে বিবৃতিভিক্ষা করে বেড়ান কেন? নির্দোষ হলে তিনি বিবৃতিভিক্ষা করে বেড়াতেন না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের বিচার বিভাগ স্বাধীন। মামলার কাজ নিজস্ব গতিতেই চলবে। সেখানে আমাদের কিছু করার নেই।’

ব্রিকস সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চাইলে পাবো না, সে অবস্থা না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিওনি।’

শেখ হাসিনা বলেন, ‘তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। এ নিয়ে বিরোধীদের মধ্যে হা হুতাশ আছে।’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট দেশটিতে যান সরকারপ্রধান। সফর শেষে গত ২৭ আগস্ট সকালে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ডক্টর সাইমা সুল্লুহু এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কুশল বিনিময় করেন শেখ হাসিনার সঙ্গে। পাশাপাশি আরও কিছু কর্মসূচিতে যোগ দেন সরকারপ্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.