সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন। ছবি: সংগৃহিত
দেশের বাজারে ডিমের দাম যখন কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের ওপর তিনি বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু করেন।
সরকারপ্রধান বলেন, ‘দেশের বাজারে ডিমের দাম যখন কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।’
বাজারে সিন্ডিকেটের প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে একটা শ্রেণি আছে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। যখনই তারা আর্টিফিশিয়ালি দাম বাড়ায় আমরা তখন আমদানি করি, বিকল্প ব্যবস্থা করি যেন তারা বাধ্য হয় দাম কমাতে।’
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে শতাধিক নোবেলজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতার বিবৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিবৃতি দিয়েছেন তাদের আহ্বান জানাই, বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ পাঠান, আইনজীবী পাঠান। দলিল দস্তাবেজ, কাজগপত্র ঘেঁটে দেখুন, অন্যায় আছে কি না। তারা মামলার দলিল-দস্তাবেজ দেখুক।’
শেখ হাসিনা বলেন, ‘নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকলে (ড. ইউনূস) আন্তর্জাতিক অঙ্গনে বিবৃতিভিক্ষা করে বেড়ান কেন? নির্দোষ হলে তিনি বিবৃতিভিক্ষা করে বেড়াতেন না।’
ব্রিকস সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চাইলে পাবো না, সে অবস্থা না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিওনি।’
তিনি বলেন, ‘তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। এ নিয়ে বিরোধীদের মধ্যে হা হুতাশ আছে।’