Sylhet Today 24 PRINT

কয়েক জেলায় মৃদু দাবদাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২৩

দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, একটি বিভাগের পাশাপাশি চারটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ বা দাবদাহ। রাষ্ট্রীয় সংস্থাটি বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে। একইসাথে দেশের কোথাও কোথাও বৃষ্টির হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগ, ফরিদপুর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং নীলফামারীর সৈয়দপুর এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

গতকাল মঙ্গলবার চুয়াডাঙা ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা তথা বৃহস্পতি থেকে শনিবারের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.