Sylhet Today 24 PRINT

স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২৩

এই গরমের মাঝেই বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। বুধবার সন্ধ্যায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এছাড়া কয়েকটি জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহও কমে আসবে। পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.