Sylhet Today 24 PRINT

সাঈদীর রায়: আজই রিভিউ করতে পারে রাষ্ট্রপক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৬

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করছে রাষ্ট্রপক্ষ। যুদ্ধাপরাধ মামলায় এই প্রথম রাষ্ট্রপক্ষ কোনো আসামির সাজা বাড়ানোর জন্য প্রথম পুনর্বিবেচনার আবেদন করতে যাচ্ছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “রিভিউ দায়েরের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজই আবেদন করা হতে পারে।”

আপিলের রায়ের ১৫ মাস পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।

নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারে রাষ্ট্র বা আসামিপক্ষ। সেই হিসাবে ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন করার সুযোগ রয়েছে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

ওই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই জামায়াত নেতার ছেলে মাসুদ সাঈদী ও আইনজীবী মিজানুল ইসলাম বলেছিলেন, তারাও রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পুনর্বিবেচনার আবেদন করে খালাস চাইবেন।

আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’ কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।

এছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।
এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল।

উল্লেখ্য, আপিল বিভাগ থেকে এ পর্যন্ত যুদ্ধাপরাধ মামলার যে পাঁচটি রায় এসেছে, তার মধ্যে কেবল সাঈদীর ক্ষেত্রেই রিভিউ বাকি রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.