Sylhet Today 24 PRINT

রোববার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০২৩

তিন দাবিতে আগামীকাল (৩ সেপ্টেম্বর) রোববার থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রল পাম্প মালিক সমিতি।

পেট্রল পাম্প মালিক সমিতির মহাসচিব মিজানুর রহমান রতন জানান, আমাদের দাবিসমূহ না মানলে রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে তেল উত্তোলন বন্ধ রাখব।

দাবিগুলো হচ্ছে ১. জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা। ২. জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা এবং ৩. জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করা।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে খুলনার খালিশপুরে ট্যাংকলরি ভবনে সভা করে ব্যবসায়ী ও শ্রমিকদের কয়েকটি সংগঠন। সভায় মালিক সমিতির নেতারা জানান, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সময় পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নেতারা।

এর আগে, এসব দাবি নিয়ে গত ২৯ আগস্ট সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.