Sylhet Today 24 PRINT

চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে নিহত মাসুদ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকে। বিষয়টি আচ করতে পেরে বাড়ির মালিক চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

ছয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান বলেন, চুরির জন্য ঢুকেছে না মাইয়োল্যা (মেয়ে) চুরির জন্য ঢুকেছে। আমরা এর বিকল্পটাও চিন্তা করি। নারী ঘটিত কোনো ব্যাপারও হতে পারে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি তদন্ত আরও বলেন, এ বিষয়ে এখনই কিছু বিস্তারিত বলা যাচ্ছে না, এটা তদন্তের বিষয়। মনগড়া কথা বলে দিলে আমার তদন্ত আরেক রকম আসবে। তাহলে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হতে পারে।

এ বিষয়ে তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।  তবে নিহত মাসুদের বিরুদ্ধে আগের কোন চুরির মামলা আছে কিনা এমন প্রশ্ন করা হলে এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.