Sylhet Today 24 PRINT

সিলেটে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের তৎপরতায় বিশাল আকৃতির একটি অজগর সাপকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে ভারতের জঙ্গল থেকে অজগরটি বাংলাদেশে চলে আসে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় গোয়াইনঘাট থানাধীন রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামের মো. আলীর পুকুর পাড়ে ৭ ফুট লম্বা বিশাল আকৃতির এই অজগর সাপের দেখা মেলে। পরে স্থানীয়রা সাপটি ধরে ফেলে। এ ঘটনা ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষনিক গোয়াইনঘাট থানা পুলিশের রুস্তমপুর বিটের দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ সময় স্থানীয় বনবিভাগের বনপ্রহরী মো. আব্দুল মালেকের হাতে উদ্ধার হওয়া অজগর সাপটি হস্তান্তর করেন।

বনবিভাগ সারি রেঞ্জ ও ফুট অফিসার মো. সালাহউদ্দিন জানান, উদ্ধারকৃত সাপটি গহীন বনে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.