Sylhet Today 24 PRINT

পাসপোর্ট, ভিসা, টিকেট ছাড়াই বিমানে চড়ে বসল শিশু, জানা গেলো কারণ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে পাসপোর্ট- বোর্ডিং পাস ছাড়াই উঠে পড়েছিল জোনায়েদ মোল্লা (১২) নামে এক শিশু। সোমবার রাতের এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে ১০ জনকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। তবে বিমানে উঠে পড়া শিশু জানালো, শখের বসেই বিমানে উঠেছিল সে।

কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে উঠে পড়া ওই শিশুর নাম জোনায়েদ মোল্লা। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে।

জোনায়েদের বিমানে উঠে পড়ার খবর ছড়িয়ে পড়তেই উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির গ্রামের বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

বিমানবন্দরের সব নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়া জোনায়েদ মোল্লা জানায়, আমি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে প্লেনে উঠে পড়ি। আমি কোনো কিছু না বুঝেই শখের বসে প্লেনে উঠে পড়ছিলাম। প্লেনে উঠার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না। এজন্য ভেতরে হাঁটাচলা করেছিলাম।

বিমানে উঠতে বোর্ডিং পাস, পাসপোর্ট এবং ভিসা লাগে তুমি কি জানো- এমন প্রশ্নের জবাবে জোনায়েদ বলে, আমি এইসব কিছুই জানি না। এর আগে কাছ থেকে কখনো প্লেন দেখি নাই। ওইখানে (এয়ারপোর্ট) গিয়ে ভিতরে ঢোকার পর প্লেন দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে প্লেনের কাছে গিয়ে উঠে পড়ি।

শিশুটির চাচা ইউসুফ মোল্লা জানান, তার ভাতিজা জোনায়েদ মোল্লা খুবই দুরন্ত। তাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখান থেকে সে কয়েকবার পালিয়ে আসে। পরে তাকে মাদ্রাসা থেকে এনে স্কুলে ভর্তি করা হয়। তবুও সে মাঝেমধ্যে বাড়ি থেকে হারিয়ে যায়, আবার একাই ফিরে আসে।

তিনি আরও জানান, সপ্তাহখানেক আগে জোনায়েদ আবারও বাড়ি থেকে পালিয়ে যায়। সম্প্রতি আমরা তার খোঁজ পাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি, সে সেখান থেকেও পালিয়ে গেছে।

ইউসুফ মোল্লা জানান, জোনায়েদের বিমানে উঠে পড়ার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। সম্প্রতি বিমানবন্দর থানা থেকে আমাকে ফোন করা হলে বিষয়টি জানতে পারি। এরপর তাকে বিমানবন্দর থানা থেকে নিয়ে আসা হয়। বর্তমানে সে বাড়িতেই আছে।

এর আগে গত সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে উঠে পড়ে জোনায়েদ মোল্লা।

বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে জানা যায়, সে ওই ফ্লাইটের যাত্রী নয়। পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়া বিমানে উঠে পড়েছিল সে। পরে তাকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ওই ফ্লাইট (কেইউ-২৮৪) উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি ছেলেশিশু বিমানের ভেতরে করিডোরে হাঁটাহাঁটি করছিল। কেবিন ক্রু তাকে সিটে বসার পরামর্শ দেন। তখন বিমানের কয়েকটি আসন খালি থাকায় ওই শিশুটি একটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর পাশের আসনের যাত্রী তাকে তার মা-বাবার কাছে গিয়ে বসতে বলেন। কিন্তু শিশুটি তার মা-বাবার বিষয়ে কোনোকিছু বলতে পারছিল না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিমানে উঠে পড়া শিশুটিকে তার চাচা ইউসুফ মোল্লার নিকট তাকে হস্তান্তর করা হয়।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, বিমানবন্দর থানা থেকে আমাদের ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আমরা ওই শিশুর পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করি। পরে তারা বিমানবন্দর থানা থেকে শিশুটিকে নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.