Sylhet Today 24 PRINT

হারুণ কাণ্ডে আহত দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন দেখতে  স্বামীসহ হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের অন্তর্জালে এ কথা মাহি জানিয়েছেন।

মাহিয়া মাহি বলেন, গতকাল (শুক্রবার) গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে।  খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিলো, তার ছেলে খানিকটা দুরের লেখাও ঠিকমতো পড়তে পারেনা এখন। আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া (ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক) সেও ছিলো পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্।

এই দুই নেতার জন্য দোয়া চেয়ে মাহি আরও লিখেছেন, সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।

খবরে প্রকাশ, সম্প্রতি এডিসি হারুনের সঙ্গে শাহবাগের একটি হাসপাতালে পুলিশের একজন নারী কর্মকর্তা আড্ডা দিচ্ছিলেন। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী হাজির হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে এডিসি হারুন সেখান থেকে চলে যান। পরে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের শাহবাগ থানায় ডেকে নিয়ে মারধর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.