Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন নেই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন নেই; বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা জানান।

এ কে আব্দুল মোমেন বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।”

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব, বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসি একটি আইনে গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার নিয়োগ করেন না। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না। নির্বাচনের সময় কোনো সরকারি কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত, বরখাস্ত বা শাস্তি দিতে পারে।

তিনি বলেন, ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে (নির্বাচন সংক্রান্ত) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিষয়ে মোমেন বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও মজবুত করতে চান।

এক বন্ধু রাষ্ট্র অন্য বন্ধু রাষ্ট্রকে উপদেশ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের অনেক উপদেশ গ্রহণ করেছি। যদি পরামর্শটি উদ্দেশ্যমূলক হয় তবে আমরা অবশ্যই সেগুলি গ্রহণ করব।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা চাই কেউ যেন ভোট বিঘ্নিত করতে না পারে এবং সহিংসতা করতে না পারে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.