Sylhet Today 24 PRINT

বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসায় ডব্লিউএইচও প্রধান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আডানম গেব্রিয়াসিস। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।’

ড. মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.