Sylhet Today 24 PRINT

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সফরের পর প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে ইইউ এমন সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে দু'এক দিনের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে ইইউ।

সূত্র জানায়, বুধবার (২০ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে।

তবে নিবাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে।

এদিকে, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ইইউর চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন, তাদের বাংলাদেশ হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল, সেটি তারা নামঞ্জুর করেছে। আপাতত পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইসি সচিব বলেন, ই-মেইলে ইইউ জানিয়েছে, ইতঃপূর্বে জুলাইয়ের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে ইইউর প্রতিনিধিদলের যে সাক্ষাৎ হয়েছিল, সেটি ফলপ্রসূ হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধিদল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটির প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.