Sylhet Today 24 PRINT

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

সর্বনিম্ন ৩ লক্ষ ৪ হাজার ৯’শ ৩ টাকা ১৮ পয়সা নির্ধারণ করে ২০১৬ সালের বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। তবে কুরবানির জন্য হজযাত্রীদের গুনতে হবে আরো প্রায় ১০ হাজার ৫শ’ টাকা।

১৭ জানুয়ারি থেকে ৩০ মে’র মধ্যে এ বছরের হজযাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। টাকা জমা দেয়ার শেষ সময় ৩০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ১০ সেপ্টেম্বর হবে এ বছরের পবিত্র হজ।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১৩ হাজার ৮শ’ ৬৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৮শ’ ৬৮ জনই বেসরকারি ব্যবস্থাপনার। এ হজযাত্রীদের এ বছরের হজ ব্যবস্থাপনার বিস্তারিত ঘোষণা করলো হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব।

হাবের সভাপতি ইব্রাহীম বাহার বলেন,বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কুরবানি ছাড়া নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য রাখা হয়েছে। ১৭ জানুয়ারি হতে ৩০ মে’র মধ্যে সরকারের নির্ধারিত রেজিস্ট্রেশন ফ্রি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে হজযাত্রীরা।

বাংলাদেশ বিমান ও সাউদিয়া ছাড়া অন্য এয়ারলাইন্সকেও হজযাত্রী পরিবহনের সুযোগ দেয়ার দাবিও করা হয়েছে সংবাদ সম্মেলনে।

হাবের সভাপতি আরো বলেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক সকল এয়ারলাইন্সকে হজ যাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যাতে করে হজযাত্রীরা তাদের পছন্দের পরিবহনের মাধ্যমে হজে যাতায়ত করতে পারেন।

বরাবরের মতো বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত হাবের সংবাদ সম্মেলনে নিজেদের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দেন হজ এজেন্টরা। তবে দালাল ফড়িয়া এবং মধ্যস্বত্ত্বভোগীদের থেকে সতর্ক থাকতে পরামর্শ হাবের। সূত্র : চ্যানেল আই অনলাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.