ওয়েব ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৬
একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষভাগে পাকিস্তানকে আত্মসমর্পণ করানোর জন্য মধ্যস্থতা করেছিলেন যে ভারতীয় সেনা কর্মকর্তা, সেই জেনারেল জেএফআর জ্যাকব বুধবার দিল্লীর একটি সামরিক হাসপাতালে মারা গেছেন।
জেনারেল জ্যাকব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল ছিলেন এবং তিনি ছিলেন ইস্টার্ন কমান্ডের প্রধান।
একাত্তরের ষোলই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের ব্যাপারে মধ্যস্থতা করবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেনারেল জ্যাকব।
অবসরে যাবার পর দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি জেনারেল নিয়াজির সঙ্গে যোগাযোগ করে তাকে বলেন, 'তোমরা যদি প্রকাশ্যে এবং আমাদের শর্ত মেনে আত্মসমর্পণ করো তাহলে তোমাদের লোকজনকে সুরক্ষা দেবার দায়িত্ব আমাদের। তা না হলে তোমাদের দায়িত্ব আমরা নিতে পারবো না'।
একথা বলবার পর জেনারেল নিয়াজি গড়িমসি শুরু করলে জেনারেল জ্যাকব তখন তাকে বলেন, 'তোমাকে এরচেয়ে ভালো কোনও শর্ত দিতে পারব না। সিদ্ধান্ত নেবার জন্য তোমার হাতে আধা ঘণ্টা সময় আছে'।
জেনারেল জ্যাকব উল্লেখ করেন, এরপরই জেনারেল নিয়াজি আত্মসমর্পণে রাজি হন।
জেনারেল জ্যাকবের পুরো নাম জেকব ফার্জ রাফায়েল জ্যাকব। ভারতীয় সেনাবাহিনীতে তাকে সবাই ‘জ্যাক’ বলে জানেন।
১৯২৩ সালে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায় এক ইরাকি বংশোদ্ভূত ইহুদী পরিবারে জন্ম জেনারেল জ্যাকবের।
বাবার অমতে মাত্র ১৮ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ১৯৭৮ সালে তিনি লে. জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। পরে তিনি গোয়া ও পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। খবর: বিবিসি বাংলা