Sylhet Today 24 PRINT

অনিয়মের অভিযোগ : ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

আনুষ্ঠানিক যাত্রার মাত্র তিন বছরের মাথায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম ব্যাংকটিতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংক থেকে বুধবার (১৩ জানুয়ারি) ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চারশ’ কোটি পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা বেসরকারি এই ব্যাংকটিতে সমপরিমাণ অর্থের অনিয়ম ধরা পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রেরিত ওই চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে ফারমার্স ব্যাংকের যেকোনো নীতি নির্ধারণীসহ পরিচালনা পর্ষদ সভায় তিনি উপস্থিত থাকবেন।

চিঠিতে আরও বলা হয়, নিয়োগ দেয়া পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে।

২০১৩ সালে জুন মাসে লাইসেন্স পাওয়া ফারমার্স ব্যাংক ৩৮টি শাখা নিয়ে কাজ চালাচ্ছে। তখন আরও আটটি ব্যাংক লাইসেন্স পায়, যা রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর আগে তার স্ত্রী ছিলেন এই পদে।

ব্যাংকটির ২১ সদস্যের পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মো. আতাহার উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন চৌধুরী মোশতাক আহমেদ। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন এ কে এম শামীম।

ব্যাংকটির পাঁচ সদস্যের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), অডিট কমিটির চেয়ারম্যান হলেন চৌধুরী নাফেজ শরাফত।২০১৩ সালে ২৫ এপ্রিল তফসিলিভুক্ত হওয়ার পর আনুষ্ঠানিক যাত্রা করে বেসরকারি খাতের দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড। এরপর থেকে এই পর্যন্ত প্রায় ৪’শ কোটি টাকার অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন দল অনিয়মের জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যানকে দায়ী করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ৩ হাজার ৪৫৯ কোটি ৭৫ লাখ টাকা। আর ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৪১৪ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ আমানতের প্রায় ৭০ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।

পুরো ব্যাংক খাতে যেখানে ঋণ প্রবৃদ্ধি ১৩ দশমিক ২২ শতাংশ, সেখানে ফারমার্স ব্যাংকের ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬৫ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.