Sylhet Today 24 PRINT

গণমাধ্যমের ওপর ভিসা নীতি নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ, ব্যাখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৩

গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে-এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সম্পাদক পরিষদের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠানো হলে তিনি এ ব্যাখ্যা দেন। এছাড়াও পিটার হাসের এমন বক্তব্যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক সাক্ষাৎকারে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন- রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাবেক-বর্তমান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও আগামী দিনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যুক্ত হবে।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়ে সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ২৭ সেপ্টেম্বর ই-মেইলে একটি চিঠি পাঠান পিটার হাসকে।

চিঠিতে তিনি বলেন, মার্কিন সরকার এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে সবসময় মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের অটল প্রবক্তা। কিন্তু গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়টি তার মনে এবং সম্পাদক পরিষদের সদস্যদের মনে কিছু প্রশ্ন সৃষ্টি করেছে। সত্যি বলতে-এই মন্তব্যটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তাই ব্যাখ্যার জন্য অনুরোধ করা হচ্ছে।

মাহফুজ আনামের এ চিঠির পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করতে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যাতে করে মিডিয়া আউটলেটগুলো তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করতে পারে।

রাষ্ট্রদূত বলেন, এই দৃষ্টিকোণ যুক্তরাষ্ট্রসহ যেকোনো সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে, আমারা আমাদের নীতিতে যেকোনো উপাদানে জনসাধারণের প্রতিফলনকে স্বাগত জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.